জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রত্যাহারের দাবি ছাত্রশিবিরের

- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৭:২১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সোমবার (২১ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত সাত মাসে তিন দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা এবং জুনে পেট্রোল ও অকটেনের দাম ৫ টাকা করে বাড়ানো হয়। এর পর আবার কোনো পূর্বঘোষণা ছাড়াই একলাফে ২০ টাকা মূল্যবৃদ্ধি করা হয়েছে।
তারা দাবি করেন, নিত্যপণ্যের উচ্চমূল্যের মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়াবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে।
ছাত্রশিবির নেতারা অভিযোগ করেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার অজুহাতে বারবার জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে। তাদের দাবি, জ্বালানি খাতে সরকারি ব্যবস্থাপনার দুর্বলতা, অনিয়ম ও অব্যবস্থাপনার দায় জনগণের ওপর চাপানো হচ্ছে।
বিবৃতিতে তারা আরও বলেন, জ্বালানি খাতের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না নিয়ে মূল্যবৃদ্ধির পথ বেছে নেওয়া জনস্বার্থবিরোধী। এ সিদ্ধান্ত প্রত্যাহার করে তেলের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসার আহ্বান জানান তারা।
একই সঙ্গে দাবি আদায় না হলে ছাত্রসমাজ ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন সংগঠনটির নেতারা।



























