শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
বিরোধী দলের লংমার্চ গণতন্ত্রের জন্য হুমকি

- সংবাদ প্রকাশের সময় : ০২:৫১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বিরোধী দলগুলোর লংমার্চ কর্মসূচি গণতন্ত্রের জন্য হুমকি তৈরি করছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তাঁর দাবি, এ ধরনের কর্মসূচির কারণে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে একটি বেসরকারি সংস্থার আয়োজনে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিরোধী দলের লংমার্চ গণতন্ত্রের জন্য ‘থ্রেট’। এ ধরনের কর্মসূচিতে বিরোধী দলগুলোর যাওয়া উচিত নয়। লংমার্চে অশালীন শব্দ ও স্লোগান ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ব্যবহৃত স্লোগান ছয় মাসের সরকারের বিরুদ্ধে ব্যবহার করা সমীচীন নয়।
মন্ত্রী বলেন, আমির ও পাটোয়ারীর নেতৃত্বে লংমার্চ হচ্ছে। ঘুরেফিরে একই বিরোধী দলগুলো এ কর্মসূচিতে যুক্ত রয়েছে। তাঁর অভিযোগ, এসব দলই ফ্যাসিবাদী শক্তির দেশে ফেরার সুযোগ তৈরি করেছে।
এ ছাড়া এনসিপি ও জামায়াত-শিবিরের ভাষা ও স্লোগানের মধ্যে মিল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। লংমার্চে বিরোধী দলগুলো ফ্যাসিবাদী শক্তির গাড়ি ব্যবহার করছে বলে অভিযোগ করেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আনোয়ার হোসেন, অধ্যাপক ননী গোপাল ঘোষ, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জামায়াত নেতা ফারুক হোসেন নূর নবীসহ অনেকে।





















