বিষপানে তিন শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বাবা হাসপাতালে

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের তাহিরপুরে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের বাবা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় ওই বাবা তাঁর তিন সন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেন বলে ধারণা করা হচ্ছে। সকালে বিষয়টি জানতে পেরে প্রতিবেশী ও স্বজনরা দ্রুত তাঁদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন শিশুকেই মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ বাবাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
তদন্ত শুরু করেছে পুলিশ
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খুব ভোরে খবর পেয়ে আমরা বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে তিন শিশুর লাশ দেখতে পাই। গুরুতর আহত বাবাকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন।’
তিনি আরও জানান, তিন শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ঘটনার কারণ ও বিস্তারিত পরিস্থিতি তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।





















