ভাইরাল অডিও নিয়ে পুলিশ পরিদর্শক রাকিবুলের বিরুদ্ধে তদন্ত, গঠিত কমিটি

- সংবাদ প্রকাশের সময় : ১১:২১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে রাকিবুল হাসান বর্তমানে কোথায় আছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
ডিএমপির দুটি সূত্রের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাতে রাকিবুল হাসানকে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রাত ১২টা পর্যন্ত তিনি সেখানে ছিলেন বলে জানা গেছে। এরপর তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, রাকিবুলকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়নি। শুক্রবার তিনি বলেন, রাকিবুল কোথায় আছেন, তা তিনি জানেন না। আগের দিন তাঁকে ডিএমপি সদর দপ্তরে দেখেছেন।
রাকিবুলের বর্তমান অবস্থান জানতে পুলিশ সদর দপ্তর ও ডিএমপির বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করা হলেও কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি। তাঁর ব্যক্তিগত মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তিন সদস্যের তদন্ত কমিটি
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, রাকিবুল হাসানের বক্তব্যের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা সবাই ডিএমপির উপকমিশনার পদমর্যাদার কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে কমিটির এক সদস্য জানান, তদন্ত কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। তিন কর্মদিবসের মধ্যে ডিএমপি কমিশনারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
তবে কমিটির ওই সদস্যও রাকিবুল হাসানের বর্তমান অবস্থান সম্পর্কে জানেন না বলে জানান। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদীও একই কথা জানিয়েছেন।
অডিও ছড়িয়ে পড়ার পর প্রত্যাহার
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনকালে গত বুধবার রাতে রাকিবুল হাসানের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায় তাঁকে।
পুলিশের একাধিক সূত্রের দাবি, প্রাথমিকভাবে অডিওটি রাকিবুল হাসানের বলে তারা নিশ্চিত হয়েছে। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অডিওটি ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার তাঁকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করা হয়। ‘প্রশাসনিক কারণ’ দেখিয়ে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয় তাঁকে। এরপরই তাঁর বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেয় ডিএমপি।
অডিওতে কী বক্তব্য ছিল
ছড়িয়ে পড়া অডিওতে শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে রাকিবুল হাসানকে মন্তব্য করতে শোনা যায়।
তিনি বলেন, ‘জানি যে শেখ হাসিনা ডিসেম্বরে আসতেছে। কিচ্ছু হবে না আসলে, কিচ্ছু হবে না। আপনারা তো চিন্তা করতে পারছেন, রাস্তার পুলিশ কত দুর্বল। ভয়ানক দুর্বল। আসা উচিত। ডিসেম্বর দেরি হয়ে গেছে। এই মাসে আসা উচিত ছিল। চলে আসলি এই পুলিশ কিচ্ছু করতে পারবে না।’
অডিওতে পুলিশের পদায়ন নিয়ে অর্থ লেনদেন এবং যোগ্য কর্মকর্তাদের বাদ দিয়ে অযোগ্যদের দায়িত্ব দেওয়ার অভিযোগও করেন তিনি।
এ ছাড়া ‘মনির’ নামে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়িচালক থানার ওসি পদায়নে ভূমিকা রাখছেন বলে দাবি করতে শোনা যায় তাঁকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা পোস্টিং পাইতেছে, তার (মনির) কাছে টাকা দিচ্ছে, সকালবেলা পোস্টিং হইতেছে।’
অডিওতে থাকা এসব বক্তব্যের সত্যতা ও অভিযোগ তদন্তের মাধ্যমে যাচাই করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।


























