নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় নাম! সোনিয়ার বিরুদ্ধে ফের মামলা

- সংবাদ প্রকাশের সময় : ১০:০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে করা মামলায় নতুন মোড় এসেছে। দিল্লির একটি বিশেষ আদালত আগের খারিজ আদেশ বাতিল করে মামলাটি পুনরায় শুনানির নির্দেশ দিয়েছেন।
সোমবার দ্বারকার বিশেষ আদালতের বিচারক বিশাল গোগন রাউস অ্যাভিনিউ আদালতের দেওয়া আগের আদেশ বাতিল করেন। বিচারকের পর্যবেক্ষণ অনুযায়ী, ওই আদেশে যথাযথ যুক্তি উপস্থাপন করা হয়নি এবং এতে আইনি ত্রুটি ছিল।
অভিযোগকারী পক্ষের দাবি, সোনিয়া গান্ধী ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আগে ১৯৮০ সালের ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়েছিল। এ ঘটনায় জালিয়াতির অভিযোগে এফআইআর দায়েরের আবেদন করা হয়।
এর আগে ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর রাউস অ্যাভিনিউ আদালত প্রমাণের ঘাটতির কথা উল্লেখ করে এফআইআর দায়েরের আবেদন খারিজ করে দিয়েছিল। পরে ওই আদেশের বিরুদ্ধে করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ আদালত আগের সিদ্ধান্ত বাতিল করেন।
রাজনৈতিক বিতর্ক
সোনিয়া গান্ধীর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে এর আগে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। বিজেপির তৎকালীন আইটি সেলের প্রধান অমিত মালব্য দাবি করেছিলেন, ক্ষমতার অপব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলা হয়েছিল।
তিনি ১৯৮০ সালের ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর ছবি থাকার বিষয়টি তুলে ধরে প্রশ্ন করেছিলেন, ১৯৮৩ সালে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আগে কীভাবে ভোটার তালিকায় তাঁর নাম থাকতে পারে।
তবে এ বিষয়ে অভিযোগের সত্যতা আদালতের পরবর্তী শুনানি ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।
বিশেষ আদালত আগামী ২৯ সেপ্টেম্বর থেকে মামলাটির নতুন করে শুনানি শুরুর নির্দেশ দিয়েছেন।
























