কোভিড প্রকল্পে ১২ কোটি টাকা আত্মসাত, জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ৬ মামলা

- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন প্রকল্পে চিকিৎসাসামগ্রী ও সেবা কেনাকাটায় অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয়টি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান।
দুদকের অনুসন্ধানে কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস (ইআরপিপি) প্রকল্পের ছয়টি প্যাকেজে অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এসব ঘটনায় মোট ১২ কোটি ৩ লাখ ২৭ হাজার ৯৮৫ টাকা আত্মসাতের অভিযোগে ছয়টি মামলা করা হয়েছে।
মাস্ক, চিকিৎসাসামগ্রী ও অ্যাপ কেনাকাটায় অনিয়মের অভিযোগ
দুদক জানায়, প্রকল্পের আওতায় কেএন৯৫ ও এন৯৫ মাস্ক, হ্যান্ড গ্লাভস, হাসপাতালের বেড, চিকিৎসা ও সার্জিক্যাল সামগ্রী, টেলিভিশন বাণিজ্যিক (টিভিসি) প্রচার, মোবাইল অ্যাপ ও ওয়েব অ্যাপ্লিকেশনসহ বিভিন্ন পণ্য ও সেবা কেনা হয়।
এসব কেনাকাটায় পরস্পর যোগসাজশ, ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
ছয়টি মামলায় অভিযোগ করা অর্থের পরিমাণ হলো—
প্রথম মামলা: ৩ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ১৫০ টাকা।
দ্বিতীয় মামলা: ১ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার টাকা।
তৃতীয় মামলা: ৯৩ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা।
চতুর্থ মামলা: ৬২ লাখ ৭৩ হাজার ৪৭০ টাকা।
পঞ্চম মামলা: ২ কোটি ১৬ লাখ ৯৭ হাজার ৬১৫ টাকা ৫০ পয়সা।
ষষ্ঠ মামলা: ৩ কোটি ৩২ লাখ ৬৪ হাজার টাকা।
যাঁদের আসামি করা হয়েছে
মামলাগুলোতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ছাড়াও কোভিড-১৯ ইআরপিপি প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মো. ইকবাল কবির, সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. সানিয়া তাহমিনা ঝোরা ও অধ্যাপক ডা. নাসিমা সুলতানাসহ স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আসামি করা হয়েছে।
এ ছাড়া সংশ্লিষ্ট প্যাকেজের পণ্য ও সেবা সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তাদেরও মামলায় আসামি করা হয়েছে।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে মামলাগুলো দায়ের করা হয়েছে। এতে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১২০(বি) ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

























