বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৩:২১:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে সরকার অনেকটা বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত প্রতি লিটার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে সরকারকে অনেকটা বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নিতে হয়েছে। সংকট প্রতিদিন নতুন মাত্রা যোগ করছে। ফলে দাম সমন্বয় করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প ছিল না।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী ডিজেলের দাম পড়ে ২০৫ টাকা লিটার। তবে দাম বাড়ানোর পরও সরকারকে প্রতি লিটারে ৭০ টাকা ভর্তুকি দিতে হবে। এই ভর্তুকি অব্যাহত থাকলে সরকারের চলমান সহায়তা ও ভাতা কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ত।
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম সবচেয়ে কম ছিল। এতে তেল পাচারের ঝুঁকি তৈরি হয়েছিল।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব কমিয়ে আনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এর অভিঘাত যতটা কম করা যায়, সরকার সেই চেষ্টা করবে। বাসভাড়া যেন যৌক্তিকভাবে বাড়ে, তা মনিটরিং করা হবে। যোগাযোগ ও নৌপরিবহন মন্ত্রণালয়কে ভাড়া সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে।’
বাজারের অস্থিতিশীলতা কমে এলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করা হবে বলেও জানান তিনি।






















