বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সোয়া ১১টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২-এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে স্বাগত জানায়। পরে পিজিআরের একটি চৌকস দল রাষ্ট্রীয় রীতি অনুযায়ী তাকে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম অক্টাগনে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার কার্যালয়ে গিয়ে বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব বঙ্গভবনের প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তাকে অবহিত করেন।
আনুষ্ঠানিকতা শেষে তিনি বঙ্গভবনের বিভিন্ন দপ্তর, গ্যালারি হল এবং রাষ্ট্রপতি তোষাখানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে রাষ্ট্রপতির সচিববৃন্দ ও সহকারী সামরিক সচিব তার সঙ্গে উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে এটাই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।






















