ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৭০০ ছাড়াল
বাতাসে মৃত্যুর গন্ধ! ধ্বংসস্তূপে স্বজনের খোঁজ

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
এক সপ্তাহ পেরিয়ে গেলেও ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের ক্ষত কাটেনি। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকে আছেন। তবে উদ্ধারকারীদের আশঙ্কা, তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা এখন খুবই ক্ষীণ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭১৯ জনে। আহত হয়েছেন ৫ হাজার ৩৪ জন। এখনও নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ।
উদ্ধারকারী দল জানিয়েছে, বড় ধরনের ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের মধ্যে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষকে জীবিত উদ্ধারের সম্ভাবনা বেশি থাকে। তবে সময় পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই সম্ভাবনা কমতে থাকে।
তারপরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ স্বজনদের সন্ধানে এখনো ধ্বংসস্তূপের আশপাশে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। পরিবারের সদস্যরা বলছেন, মরদেহ না পাওয়া পর্যন্ত তারা আশা ছাড়ছেন না।
এদিকে ধীরগতিতে উদ্ধারকাজ পরিচালনার অভিযোগ উঠেছে প্রশাসন ও উদ্ধারকারী দলের বিরুদ্ধে। যদিও সেনাবাহিনী ও পুলিশ দুর্গতদের কাছে খাবার পৌঁছে দিচ্ছে। প্রায় ৯০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা হয়েছে এবং ১৫টি ত্রাণশিবির চালু করা হয়েছে।
এর মধ্যেই সোমবার নতুন করে ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও মানুষের আতঙ্ক আরও বেড়েছে।
এর আগে ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ক্যারিবীয় উপকূলবর্তী মোরন শহরের পশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৩ কিলোমিটার গভীরে। এর মাত্রা ছিল ৭ দশমিক ২।
এর প্রায় ৪০ সেকেন্ড পর একই এলাকায় দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫।
এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে এমন ভয়াবহ জোড়া ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের মুখে পড়ে দেশটি।



















