তারল্য সংকট
ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক
- সংবাদ প্রকাশের সময় : ০২:২৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
তারল্য সংকট মোকাবিলায় বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC-কে ২ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক এ সহায়তা প্রদান করে। এর আগে গত সপ্তাহে ইসলামী ব্যাংক তারল্য সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার সহায়তা চেয়ে আবেদন করেছিল।
সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি হয়। ওই নিয়োগের বিরোধিতা করে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।
এ পরিস্থিতিতে অনেক গ্রাহক একযোগে আমানতের অর্থ তুলে নিতে শুরু করলে ব্যাংকটিতে নগদ অর্থের চাপ তৈরি হয়। ফলে কিছু ক্ষেত্রে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে সমস্যার মুখে পড়ে ব্যাংকটি। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নগদ সংরক্ষণ হার (সিআরআর) বজায় রাখতেও হিমশিম খেতে হয়।
সংকটের প্রেক্ষাপটে গত শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে মোস্তাফা মুরশেদুল ইসলাম ইঙ্গিত দিয়েছিলেন যে, ইসলামী ব্যাংককে প্রয়োজনীয় তারল্য সহায়তা দেওয়া হতে পারে।
সেই সময় গভর্নর বলেন, ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি সাময়িক এবং দ্রুতই স্বাভাবিক হবে। আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো দীর্ঘমেয়াদি সমস্যা থাকবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা মনে করছেন, কেন্দ্রীয় ব্যাংকের এই সহায়তা ইসলামী ব্যাংকের তারল্য চাপ কমাতে এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
























