প্রশাসনে রদবদল, ৯ যুগ্মসচিবকে নতুন দায়িত্ব
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
প্রশাসনিক কার্যক্রমে গতি ও সমন্বয় বাড়ানোর লক্ষ্যে বিসিএস (প্রশাসন) ক্যাডারের যুগ্মসচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি ও প্রেষণে নতুন কর্মস্থলে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ পাটকল কর্পোরেশন-এর পরিচালক এরশাদ হোসেন খানকে বদলি করে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জহিরুল ইসলাম খানকে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক এবং নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব ডি এম আতিকুর রহমানকে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’-এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রাজশাহী কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক বেগম শাহানা আখতার জাহানকে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।
এদিকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেনকে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ প্রকল্পের প্রকল্প পরিচালক এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মো. অলিউর রহমানকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-এর পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রেষণ শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করা যুগ্মসচিব মো. আবুল হোসেনকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির এমডিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই আদেশে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম তুহিনুর আলমকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক মো. সাবেক আলীকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব পদে বদলি করা হয়েছে।
সরকারের ভাষ্য অনুযায়ী, প্রশাসনে দক্ষতা, সমন্বয় ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যেই এসব পদায়ন ও বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

















