করমুক্ত আয়সীমা পৌনে ৪ লাখ টাকা, সারা বছর রিটার্ন দেওয়া যাবে
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে। নতুন প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ সীমা বাড়িয়ে পৌনে চার লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এ সীমা সাড়ে তিন লাখ টাকা।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করমুক্ত আয়সীমা আগামী ২০২৭–২৮ অর্থবছরেও একইভাবে অব্যাহত থাকবে।
এছাড়া বিভিন্ন শ্রেণির করদাতাদের জন্য আলাদা করমুক্ত সীমা নির্ধারণ করা হয়েছে। নারী করদাতা এবং ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য সোয়া চার লাখ টাকা, তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী করদাতাদের জন্য পাঁচ লাখ টাকা, গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা এবং জুলাই গণ-অভ্যুত্থানের আহতদের জন্য সোয়া পাঁচ লাখ টাকা পর্যন্ত করমুক্ত আয়সীমা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
প্রতিবন্ধী ব্যক্তির সন্তান বা অভিভাবকের ক্ষেত্রে অতিরিক্ত ৫০ হাজার টাকা কর ছাড়ের সুবিধা থাকবে।
বাজেট প্রস্তাবে আয়কর হার পুনর্বিন্যাসও করা হয়েছে। করমুক্ত সীমা ছাড়িয়ে প্রথম স্তরের করহার ও কাঠামো পুনর্গঠন করা হয়েছে, যেখানে বিভিন্ন ধাপে ১০ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যন্ত করহার নির্ধারণ করা হয়েছে।
এছাড়া আগামী অর্থবছর থেকে সারা বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। প্রণোদনা ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতারা ছাড় পাবেন বলে জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতির চাপ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে করমুক্ত আয়সীমা বাড়ানোর এ সিদ্ধান্ত মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত করদাতাদের কিছুটা স্বস্তি দিতে পারে।

















