টানা দুই দিনে বড় পতন, আবারও কমল সোনার দাম
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। টানা দুই দিনের ব্যবধানে ভরিপ্রতি সোনার দামে উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়েছে। এর আগে বুধবারও ভরিপ্রতি ৬ হাজার ৫৯১ টাকা কমানো হয়েছিল।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার সকালে সোনা ও রুপার নতুন মূল্য নির্ধারণ করে। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বিশ্ববাজারে মূল্য কমে যাওয়ায় দেশের বাজারেও দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৮৪১ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা।
এর আগে বুধবার নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের সোনা ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকায় বিক্রি হয়েছিল।
বিশ্ববাজারে মূল্য ওঠানামার প্রভাবেই দেশের বাজারে মূল্য সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।

















