মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বেতন বাড়ালো সরকার
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২১:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) বেতন বৃদ্ধি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তারা এখন থেকে মূল বেতন হিসেবে ৩২ হাজার ৫৪০ টাকা পাবেন।
সম্প্রতি অর্থ বিভাগ এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে। এর আগে গত ৩১ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে মতামত চেয়ে অর্থ বিভাগে চিঠি দিয়েছিল।
অর্থ বিভাগের চিঠিতে বলা হয়েছে, সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীদের একান্ত সচিবদের বেতন ‘জাতীয় বেতন স্কেল-২০১৫’-এর নবম গ্রেডের অষ্টম ধাপ অনুযায়ী ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে এই সুবিধা কিছু শর্তের আওতায় কার্যকর হবে। শর্ত অনুযায়ী—
- নির্ধারিত মূল বেতনই প্রযোজ্য হবে।
- কোনো ধরনের বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) দেওয়া হবে না।
- বিধি অনুযায়ী অন্যান্য প্রাপ্য ভাতা পাওয়া যাবে।
- পেনশন, আনুতোষিক (গ্র্যাচুইটি) এবং ভবিষ্যৎ তহবিল (প্রভিডেন্ট ফান্ড) সুবিধা প্রযোজ্য হবে না।
সরকারের এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট পদে কর্মরত ব্যক্তিদের বেতন কাঠামো নতুনভাবে নির্ধারিত হলো।

















