সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে দেশজুড়ে আলোচনার মধ্যেই তার ছেলে যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।
বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, ড. এ কে এম আনিসুর রহমান বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন নির্দেশনা অনুযায়ী যোগদানের জন্য বলা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার হস্তান্তর না করলে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
এর আগে বুধবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সাংবাদিকদের বলেন, মিরপুরে বৃদ্ধা মা নূরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গত ৩১ মে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি ফ্ল্যাট থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘদিন পড়ে থাকায় মরদেহে পচন ধরেছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। একই সঙ্গে পরিবারের সদস্যদের দায়িত্ব ও বৃদ্ধা মায়ের দেখভাল নিয়ে নানা প্রশ্নও সামনে আসে।
এ ঘটনায় সরকারের বিভিন্ন পর্যায়ে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





















