এগিয়ে আনার ভাবনায় বিসিসিআই
আইপিএলের সূচিতে আসতে পারে বড় পরিবর্তন
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দুই দিন আগেই শেষ হয়েছে ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে পরবর্তী আসরের পরিকল্পনা ইতোমধ্যে শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টুর্নামেন্ট চলাকালে বৃষ্টি ও তীব্র গরমের প্রভাব কমাতে আইপিএলের সময়সূচিতে পরিবর্তনের চিন্তা করছে তারা।
চলতি আসর শুরু হয়েছিল ২৮ মার্চ। কয়েকটি ম্যাচে বৃষ্টির কারণে বিঘ্ন ঘটে, এমনকি কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের ম্যাচও পরিত্যক্ত হয়। অন্যদিকে তীব্র গরমে ভুগতে হয়েছে ক্রিকেটার ও দর্শকদের। বিশেষ করে দিনের ম্যাচগুলোতে খেলোয়াড়দের মধ্যে পানিশূন্যতা ও শারীরিক ক্লান্তির সমস্যা দেখা যায়।
এ পরিস্থিতিতে আইপিএল আরও আগে শুরু করার পরিকল্পনা নিয়ে ভাবছে বিসিসিআই। ভারতীয় গণমাধ্যমকে বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া জানিয়েছেন, আগামী আসর মার্চের শেষের বদলে মার্চের মাঝামাঝি সময়ে শুরু করার বিষয়টি বিবেচনায় রয়েছে।
তিনি বলেন, “এবার টুর্নামেন্ট ৩১ মে পর্যন্ত গড়িয়েছে। গরম ও বৃষ্টির প্রভাব বেশ কয়েকটি ম্যাচে পড়েছে। তাই আমরা ভাবছি, যদি প্রায় ১৫ দিন আগে প্রতিযোগিতা শুরু করা যায়।”
বিসিসিআইয়ের ধারণা, ১৫ মার্চের দিকে আইপিএল শুরু করা গেলে ১৫ মে’র মধ্যেই টুর্নামেন্ট শেষ করা সম্ভব হবে। এতে মৌসুমের শেষভাগের অতিরিক্ত গরম ও বৃষ্টির ঝুঁকি অনেকটাই এড়ানো যাবে।
তবে আইপিএলের ম্যাচ সংখ্যা বা দলের সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন শইকীয়া। তার ভাষ্য, আন্তর্জাতিক ক্রিকেট সূচির সঙ্গে সমন্বয় রেখে সিদ্ধান্ত নিতে হয়। ফলে ৭৪ ম্যাচের বর্তমান কাঠামোই বহাল থাকার সম্ভাবনা বেশি।
তিনি আরও বলেন, “টুর্নামেন্ট সম্প্রসারণের বিষয়টি এখন আলোচনায় নেই। ২০২৭ সালের পর এ নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।”
সব মিলিয়ে, ক্রিকেটারদের স্বস্তি এবং ম্যাচ আয়োজনের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে আইপিএলের সময়সূচিতে পরিবর্তনের সম্ভাবনা জোরালো হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।





















