বিসিবি নির্বাচন, তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে রিট
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছেন ছয়জন কাউন্সিলর।
মঙ্গলবার (২ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১৬ মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিন ফলাফলও ঘোষণা করা হবে।
পরে ১৭ মে বিকেল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকা এবং নির্বাচনী তফসিলের বৈধতা নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন ছয় কাউন্সিলর।
নির্বাচনী বিধান অনুযায়ী, সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত আরও দুইজন পরিচালক বোর্ডে অন্তর্ভুক্ত হবেন। মোট ২৫ জন পরিচালকের ভোটে পরবর্তীতে বিসিবির সভাপতি নির্বাচিত হবেন।
বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের দায়িত্বে রয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ও সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।
রিটের শুনানির পর আদালতের সিদ্ধান্তের দিকে এখন নজর রয়েছে ক্রিকেটাঙ্গনের সংশ্লিষ্টদের। আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনার ওপর নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী অগ্রগতি অনেকটাই নির্ভর করবে।





















