রাতেই ইসলামী ব্যাংকের পর্ষদ সভা, এমডির পদত্যাগপত্র গৃহীত
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
রাজধানীর দিলকুশায় প্রধান কার্যালয়ের সামনে দিনভর বিক্ষোভের মধ্যেই সোমবার (১ জুন) রাতে ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকটির নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলম।
ব্যাংক সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সভায় পাঁচজন পরিচালক অংশ নেন। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের জমা দেওয়া পদত্যাগপত্র গ্রহণ করা হয়। একই সঙ্গে নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত মো. আলতাফ হোসাইনকে ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়েই অনলাইন পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান, সভায় অংশ নেওয়া সদস্যরা ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন এবং সেখানে এমডির পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত হয়।
তিনি আরও বলেন, অনলাইন সভা আয়োজনের ক্ষেত্রে ব্যাংকিং সময়ের বাধ্যবাধকতা নেই। তবে সশরীরে সভা হলে তা ব্যাংকিং সময়ের মধ্যেই করতে হতো।
এর আগে নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে সোমবার সকাল থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন একদল গ্রাহক। আন্দোলনকারীরা অভিযোগ করেন, খুরশীদ আলম বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের ঘনিষ্ঠ। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
উল্লেখ্য, ঈদের আগে ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। ওই দিনই বাংলাদেশ ব্যাংক সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। এরপর থেকেই তার নিয়োগের বিরুদ্ধে বিভিন্ন মহলে প্রতিবাদ শুরু হয়।





















