বর্জ্য অপসারণে গাফিলতি, দুই সিটির দুই কর্মকর্তা বরখাস্ত
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ১০ বার পড়া হয়েছে
কোরবানির ঈদের বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় ব্যবস্থার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৯ মে) বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রীনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্য এবং আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।
প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।





















