আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতাল-এর মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
শুক্রবার (২৯ মে) ইশরাত হাসান এ নোটিশ পাঠান। নোটিশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) এবং আদ্-দ্বীন হাসপাতালের পরিচালককে বিবাদী করা হয়েছে।
নোটিশে বলা হয়, হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে একাধিক নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দেশজুড়ে গভীর উদ্বেগ, শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংবাদমাধ্যম ও অভিভাবকদের তথ্য অনুযায়ী, রাতে জন্ম নেওয়া কয়েকটি নবজাতক একসঙ্গে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে অবিরাম কান্না, বমি, শ্বাসকষ্ট ও শারীরিক অবস্থার দ্রুত অবনতির মতো উপসর্গ দেখা দেয়।
এতে আরও উল্লেখ করা হয়, সংকটজনক পরিস্থিতি সত্ত্বেও হাসপাতালে পর্যাপ্ত জরুরি চিকিৎসা, সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়নি। পাশাপাশি গুরুতর অসুস্থ নবজাতকদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরেও বিলম্ব হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
আইনি নোটিশে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কার্যকর ও পর্যাপ্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এ ছাড়া দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে জরুরি চিকিৎসা সাড়া, রোগী নিরাপত্তা ও সার্বক্ষণিক মনিটরিং নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশিকা ও প্রটোকল প্রণয়ন এবং তা বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে।
নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।





















