রাজধানীর বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণে গাড়ি চালিয়ে ঘুরলেন প্রধানমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
ঈদুল আজহার পর রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম কতটা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে, তা সরেজমিনে পর্যবেক্ষণে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক ও বর্জ্য ব্যবস্থাপনার পরিস্থিতি ঘুরে দেখেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা দেখতে প্রধানমন্ত্রী মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
তিনি জানান, পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী স্বাভাবিক নিয়মে ট্রাফিক আইন ও সিগন্যাল মেনে গাড়ি চালিয়েছেন।
সড়ক পরিক্রমায় প্রধানমন্ত্রীর গাড়ি গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে বের হয়ে গুলশান-১ নম্বর মোড়, হাতিরঝিল, রামপুরা রোড, মালিবাগ, বাসাবো, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও ধোলাইখাল এলাকা অতিক্রম করে পুরান ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখে। পরে গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউ মার্কেট, কলাবাগান, ধানমন্ডি, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট ও মহাখালী এলাকার পরিস্থিতিও পর্যবেক্ষণের কথা রয়েছে।
সরকারের পক্ষ থেকে ঈদের দিন রাজধানীজুড়ে দ্রুততম সময়ে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সেই কার্যক্রমের বাস্তব অগ্রগতি দেখতে প্রধানমন্ত্রীর এ সরেজমিন পরিদর্শনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।





















