মুষলধারে বৃষ্টিতে স্বস্তি, তবু জলাবদ্ধতায় ভোগান্তি রাজশাহীতে
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ৯ বার পড়া হয়েছে
প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে স্বস্তির বৃষ্টি পেয়েছে রাজশাহীবাসী। শুক্রবার (২৯ মে) দুপুর আড়াইটা থেকে শুরু হওয়া টানা বর্ষণে নগরজুড়ে নেমে আসে প্রশান্তির আবহ। তবে স্বস্তির পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা ও দুর্ভোগও।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নগরীতে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়ার এমন পরিস্থিতি আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে।
ঈদুল আজহার কোরবানির পর নগরীর সড়কে ছড়িয়ে থাকা পশুর রক্ত ও বর্জ্য বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়ায় পরিবেশ অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন এলাকায় বৃষ্টির পানির তোড়ে ড্রেনে মিশে যায় জমে থাকা ময়লা-আবর্জনা। ফলে দুর্গন্ধ ও অস্বস্তিকর পরিস্থিতি থেকেও কিছুটা মুক্তি মিলেছে নগরবাসীর।
তবে টানা বর্ষণে নগরীর নিচু এলাকাগুলোতে দ্রুত পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা। অনেককে হাঁটুসমান পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।
বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়ক ও নিম্নাঞ্চলে পানি জমে থাকায় অফিসফেরত মানুষ ও যানবাহনের চালকদের দুর্ভোগ বাড়ে। স্থানীয়দের অভিযোগ, দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে অল্প সময়ের বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় পানি আটকে যায়।
একদিকে বৃষ্টির স্বস্তি, অন্যদিকে জলাবদ্ধতার ভোগান্তি—দুই চিত্রেই কাটছে রাজশাহীর নগরজীবন।




















