বটগাছের শিকড়ের মাঝখান থেকে উদ্ধার রহস্যময় মূর্তি
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
পাবনার আটঘরিয়া উপজেলার ডেঙ্গাগ্রাম হাইস্কুলের সামনে বটগাছের শিকড়ের মাঝখান থেকে পলিথিনে মোড়ানো একটি গোল্ডেন রঙের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। প্রায় আধা কেজি ওজনের মূর্তিটি প্রথমে কুড়িয়ে পায় এক স্কুলছাত্রী।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার ডেঙ্গাগ্রাম এলাকার রতন আলীর বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৪ মে) দুপুরে ডেঙ্গাগ্রাম হাইস্কুলের সামনে বটগাছতলায় বন্ধুদের সঙ্গে খেলছিল ৯ বছর বয়সী রুকাইয়া খাতুন। এ সময় বটগাছের দুটি শিকড়ের মাঝখানে পটেটো চিপসের প্যাকেটে মোড়ানো একটি বস্তু দেখতে পায় সে।
কৌতূহলবশত প্যাকেটটি খুলে একটি ভারী গোল্ডেন রঙের মূর্তি দেখতে পায় রুকাইয়া। পরে সেটি বাড়িতে নিয়ে গিয়ে পরিবারের সদস্যদের জানায়।
রুকাইয়া খাতুন জানায়, “আমি বন্ধুদের সঙ্গে খেলছিলাম। তখন শিকড়ের মাঝখানে প্যাকেটটা দেখি। খুলে দেখি ভেতরে সোনালি রঙের ভারী একটা মূর্তি। পরে আমি সেটা বাড়িতে নিয়ে যাই।”
রুকাইয়ার দাদা আব্দুল মান্নান বলেন, “নাতনি মূর্তিটি পাওয়ার পর প্রথমে নিরাপত্তার কারণে বিষয়টি গোপন রাখা হয়েছিল। পরে এলাকায় জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।”
খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক বলেন, “উদ্ধার হওয়া বস্তুটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এর প্রকৃত ধাতব মূল্য ও উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এটি সেখানে কীভাবে এলো, সে বিষয়েও তদন্ত চলছে।”






















