যশোরে অভিযান: সহযোগিসহ আটক শীর্ষ সন্ত্রাসী অনিক
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ১৬৯ বার পড়া হয়েছে
যশোর জেলা গোয়েন্দা( ডিবি) পুলিশ অভিযান পরিচালনা করে যশোরের শীর্ষ সন্ত্রাসী অনিক হাসান অনিককে (২৮) আটক করেছে। এ সময় তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১টি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি ও একটি বার্মিজ চাকু।
যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মিরাজুল ইসলাম ২৬ মে (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুম এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।
মিরাজুল ইসলাম বলেন, সোমবার রাতে ডিবি(গোয়েন্দা) পুলিশ গোপন সংবাদে খবর পেয়ে যশোর শহরের শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে অভিযান পরিচালনা করে। এ সময় যশোরের বহুল আলোচীত শীর্ষ সন্ত্রাসী অনিক হাসান অনিকে আটক করা হয়। অনিকের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এ সময় তার অপর সহযোগি তানভীর আহমেদ (২৫)ও আটক করা হয়।
এক প্রশ্নের জবাবে মিরাজুল ইসলাম বলেন, আটক অনিকের বিরুদ্ধে চাঁদাবাজি অস্ত্র সহ মোট ৯৭ টি মামলা রয়েছে। আটক দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হয়েছে। আটক অনিক যশোর শহরের শংকরপুর এলাকার আলতাব হোসেন আলতুর ছেলে। ও আটক তানভীর একই এলাকার মো. তরিকুলের ছেলে।
প্রেস ব্রিফিংয়ের ডিবির ওসি সুমন কুমার মন্ডল সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















