জয়পুরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু ফায়ার সার্ভিস সপ্তাহ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৯ বার পড়া হয়েছে
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ।
বুধবার (২০ মে) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জয়পুরহাটের আয়োজনে তিন দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন এবং একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আল-মামুন মিয়া।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জয়পুরহাটের উপ-সহকারী পরিচালক শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. মাসুদ রানা প্রধান, ওয়্যারহাউজ ইন্সপেক্টর রুবেল রানা এবং জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ।
আলোচনা সভায় বক্তারা বলেন, যেকোনো দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের কর্মীরা জীবন বাজি রেখে মানুষের জানমাল রক্ষা করে আসছেন। সচেতনতা বৃদ্ধি করা গেলে অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।
তারা আরও জানান, তিন দিনব্যাপী এ কর্মসূচিতে সচেতনতামূলক মহড়া ও বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম প্রদর্শন করা হবে।




















