দেশে হামে আরও ৯ শিশুর মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
সারাদেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু নিশ্চিত হামজনিত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য প্রকাশ করে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৯২ জন। এর মধ্যে ১ হাজার ১০৫ জন উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৭ জনের।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২৪ জনে। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫১ হাজার ৫৬৭ জন।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যু হয়েছে ৩৫৬ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৮৮১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ হাজার ৮৭৭ জন।

















