দেশে হামের প্রকোপ বাড়ছে: ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১২:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
দেশে হাম রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে অন্তত ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২ শিশু, আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫ শিশু।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৬ মে সকাল পর্যন্ত নিশ্চিত হামে মোট ৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৮ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ৬ মে পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬ হাজার ৯৯ জন। অন্যদিকে সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪৪ হাজার ২৬০।
এ সময়ের মধ্যে হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৮৫ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ২২৩ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করছেন, যাতে এই সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যায়।






















