অভিযোগ প্রমাণিত: আলাদিপুর ইউপি চেয়ারম্যান বাবলু বরখাস্ত
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২ নম্বর আলাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসমুশ সাখির বাবলুকে পদ থেকে বরখাস্ত করে তার পদ শূন্য ঘোষণা করেছে সরকার।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। উপ-সচিব হেলেনা পারভীনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্তে প্রমাণিত হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ইউনিয়ন পরিষদের ১০ জন সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। তার বিরুদ্ধে অসদাচরণ, উন্নয়ন কাজে অনিয়ম, হোল্ডিং ট্যাক্স আদায়ের অর্থ তহবিলে জমা না দেওয়া, সদস্যদের ভাতা বকেয়া রাখা এবং প্রয়োজনীয় আর্থিক নথি উপস্থাপনে ব্যর্থতার মতো একাধিক অভিযোগ ওঠে।
এসব অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত শেষে বিশেষ সভায় ইউপি সদস্যরা সর্বসম্মতিক্রমে অনাস্থা প্রস্তাবের পক্ষে মত দেন।
পরবর্তীতে অভিযোগের সত্যতা পাওয়ায় দিনাজপুর জেলা প্রশাসকের সুপারিশের ভিত্তিতে সরকার অনাস্থা প্রস্তাব অনুমোদন করে। একই আইনের ৩৫ (১) (চ) ধারা অনুযায়ী চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শূন্য পদ সংক্রান্ত গেজেট জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ও তদন্ত কর্মকর্তা মো. শাহানুর রহমান জানান, বিষয়টি আগেই তদন্ত করা হয়েছে এবং প্রজ্ঞাপনের মাধ্যমে পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বলেন, “আইন অনুযায়ীই সব প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।”























