রাজশাহীতে শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখল ঘিরে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
রাজশাহীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় পুনর্দখলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মহড়া এবং ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে এই হামলা ও দখলচেষ্টা চালানো হয়।
স্থানীয় সূত্র জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে তৎকালীন সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরীর পরিবর্তে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রফিকুল ইসলাম পাখি। তবে বুধবার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার অনুসারীদের হাতে কয়েকজন শ্রমিক লাঞ্ছিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রতিবাদে শ্রমিকরা পাখিকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা ঝুলিয়ে দ্রুত নির্বাচনের দাবি জানান।
পরদিন বৃহস্পতিবার দুপুর থেকেই শিরোইল এলাকায় পাখিবিরোধী শতাধিক শ্রমিক অবস্থান নেন। অন্যদিকে, রেলগেট এলাকায় জড়ো হন পাখির অনুসারীরা। উভয় পক্ষের হাতেই রড, পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপি, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রায় দুই শতাধিক সমর্থক মিছিলসহ শিরোইলের দিকে অগ্রসর হন পাখি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিরোইলে পৌঁছে পাখির অনুসারীরা ৫-৬টি ককটেলের বিস্ফোরণ ঘটালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সশস্ত্র অবস্থানের মুখে প্রতিপক্ষ শ্রমিকরা সরে গেলে হামলাকারীরা কার্যালয়ের নিয়ন্ত্রণ নেয়।
প্রায় এক ঘণ্টাব্যাপী এই দখল অভিযানে আশপাশের কয়েকটি দোকান, ভবনের কাঁচ এবং একাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে হামলাকারীরা পুনরায় রেলগেট এলাকায় ফিরে যায়।
স্থানীয়দের অভিযোগ, পুরো সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
ঘটনার পর থেকে শিরোইল বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।























