কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে আলোচনায়
বিএনপির মনোনয়ন দৌড়ে অভিনেত্রী চমক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন নিয়েছেন তিনি।
সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন চমক। দলটির মনোনয়ন বোর্ড ইতোমধ্যে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করেছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সাক্ষাৎকার শেষে চমককে বেশ উচ্ছ্বসিত দেখা যায়।
চমক বলেন, তিনি দেশের জন্য কাজ করতে চান—বিশেষ করে নারীদের উন্নয়নে ভূমিকা রাখতে চান। এ জন্য একটি কার্যকর রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল, যা তিনি বিএনপিতে পেয়েছেন বলে মনে করেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং সবকিছু ইতিবাচক মনে হয়েছে। মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি ‘শতভাগ আশাবাদী’ বলেও মন্তব্য করেন।
দলীয় সূত্রে জানা গেছে, তার প্রার্থিতা নিয়ে বিএনপির ভেতরে ইতিবাচক মনোভাব রয়েছে। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানানো হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন যাত্রার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী। এক পোস্টে তিনি লেখেন, “নতুন জার্নি শুরু করলাম… শিগগিরই বিস্তারিত জানাব।”
চলতি সময়ের আলোচিত এই অভিনেত্রী অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনেও সক্রিয় ছিলেন। বিশেষ করে গত বছরের গণঅভ্যুত্থানের সময় তিনি প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন, যা তাকে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এনে দেয়।
এখন প্রশ্ন—বিএনপি থেকে কি তিনি এমপি হওয়ার সবুজ সংকেত পাচ্ছেন? এর উত্তর জানতে অপেক্ষা করতে হবে দলীয় চূড়ান্ত সিদ্ধান্তের জন্য।






















