নাহিদ ইসলাম
হাসিনাকে ফেরত না দিলে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয়

- সংবাদ প্রকাশের সময় : ১১:০০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুর সমাধান না করে ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার কোনো উদ্যোগ জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান না করে ভারতের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার কোনো উদ্যোগ বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।
তিনি অভিযোগ করেন, গত দুই বছর ধরে ভারত তার ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিয়ে আসছে। তাঁর দাবি, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচারব্যবস্থা এবং জনগণের গণতান্ত্রিক রায়ের প্রতি অবমাননা।
দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক কথিত সংবাদ সম্মেলনের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে ওই অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে ভারতের নীতিতে মৌলিক পরিবর্তন না আসার বিষয়টি স্পষ্ট হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করেছে। তবে এত গুরুতর ঘটনার পরও ভারত সরকারের কাছ থেকে কার্যকর জবাবদিহিতা আদায় করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাম্প্রতিক সাক্ষাতের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, ওই বৈঠকে ৫ আগস্টের ঘটনার বিষয়ে কোনো বক্তব্য, ব্যাখ্যা বা ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশের বিষয় প্রকাশ্যে না আসায় তিনি হতাশ।
ভারতীয় হাইকমিশনারের ‘shared dream’ বা অভিন্ন স্বপ্নের বক্তব্যেরও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, বাংলাদেশের জনগণ কোনো কথিত সম্প্রসারণবাদী ‘shared dream’-এর অংশীদার নয়। বাংলাদেশের জনগণ এমন কোনো সম্পর্ক মেনে নেবে না, যেখানে দিল্লি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া বা প্রভাব বিস্তারের অধিকার দাবি করবে।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক, সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দক্ষিণ এশিয়া দেখতে চায়।
তিনি আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রতিবাদকে এখন কার্যকর কূটনৈতিক পদক্ষেপে রূপ দেওয়া প্রয়োজন। ৫ আগস্টের ঘটনার বিষয়ে ভারতের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ, শেখ হাসিনা ও ওসমান হাদীর হত্যাকাণ্ডে অভিযুক্তদের প্রত্যর্পণ এবং ভারতের ভূখণ্ড থেকে বাংলাদেশবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা দাবি করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে আওয়ামী লীগ বাংলাদেশবিরোধী রাজনৈতিক ও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালানোর সুযোগ পেলে একই সময়ে বাংলাদেশের সরকারপ্রধানের ভারত সফর করে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ অর্থবহ হবে না।
তিনি বলেন, বন্ধুত্বের অজুহাতে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা যাবে না। ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগে বাংলাদেশবিরোধী তৎপরতা বন্ধ, আওয়ামী লীগের পলাতক নেতাদের আশ্রয় ও রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে ভারতের সুস্পষ্ট অবস্থান এবং সাম্প্রতিক ঘটনাবলির জন্য জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।




















