সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: প্রতিমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৪:০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দেশের চলমান বিদ্যুৎ সংকট বুধবার সন্ধ্যা থেকে কিছুটা কমতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে সাম্প্রতিক লোডশেডিংয়ের কারণে জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।
বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগর উত্তাল থাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনালে নতুন করে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। অপর একটি টার্মিনালও দুর্ঘটনার কারণে পুরো সক্ষমতায় চালু করা সম্ভব হয়নি। এতে গ্যাস সরবরাহ কমে গিয়ে বিদ্যুৎ উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়েছে।
তিনি বলেন, আগের সরকারের ভুল নীতির কারণে দেশে আগে থেকেই জ্বালানি সংকট ছিল। এর সঙ্গে সাম্প্রতিক দুর্ঘটনা ও বৈরী আবহাওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে সংকট মোকাবিলায় বিকল্প উপায়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে।
বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে নির্দিষ্ট সময়সীমা দেওয়া সম্ভব নয় জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় চেষ্টার কোনো ঘাটতি নেই বলেও দাবি করেন তিনি।
সাম্প্রতিক সময়ে গ্যাসের ঘাটতির কারণে জাতীয় পর্যায়ে লোডশেডিং তিন হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। এতে বিশেষ করে গ্রামাঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
কয়েকটি এলাকায় বিদ্যুৎকেন্দ্র ও উপকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন পল্লি বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।




















