হামে এক মাসে মৃত্যু ২০০-এর কাছাকাছি, বাড়ছে উদ্বেগ
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
দেশে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এক মাসে হাম ও হামের উপসর্গে মোট ১৯৮ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩২ জন শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আরও ১৬৬ জন শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে।
একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও সন্দেহজনক উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১২ হাজার ৩৯৮ শিশু। এর মধ্যে ২ হাজার ৯৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে তিন শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে। একই সময়ে নতুন করে ৭৬ জন শিশু আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচিতে ঘাটতি এবং সচেতনতার অভাবের কারণে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।

















