প্রাইম ব্যাংকের সঙ্গে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি করল সামুদা গ্রুপ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
প্রাইম ব্যাংক পিএলসি সামুদা গ্রুপের সঙ্গে একটি কৌশলগত ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে সামুদা গ্রুপকে সমন্বিত আর্থিক ও লেনদেন ব্যবস্থাপনা সেবা দেবে ব্যাংকটি।
সম্প্রতি গুলশানে প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় সামুদা গ্রুপ প্রাইম ব্যাংকের ওমনিচ্যানেল ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করে দেশীয় সব ধরনের পেমেন্ট ও অর্থ বিতরণ কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি বিক্রয় সংগ্রহ ব্যবস্থাপনায় ব্যাংকের সারাদেশব্যাপী শাখা নেটওয়ার্ক ব্যবহার করবে প্রতিষ্ঠানটি।
ব্যাংকের উন্নত এমআইএস রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে সামুদা গ্রুপের আর্থিক কার্যক্রম আরও দক্ষ, স্বচ্ছ ও সহজ হবে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান, কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের এরিয়া হেড সাজিদ রহমান এবং সামুদা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার ও প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ আকরামুজ্জামান উপস্থিত ছিলেন।
প্রাইমপে হলো প্রাইম ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আরটিজিএস, বিএফটিএন, এনপিএসবি, এমএফএসসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক লেনদেন সম্পন্ন করা যায়। পাশাপাশি ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে চেক ও পে-অর্ডার ইস্যু এবং কর, ভ্যাট ও ইউটিলিটি বিল পরিশোধের সুবিধাও রয়েছে।



























