সাভারে ৫ গাড়িতে আগুন, দগ্ধ হয়ে একজনের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ২৭৬ বার পড়া হয়েছে
ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে তেলবাহী একটি লরিতে আগুন লেগে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে।
মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে হেমায়েতপুরের জোরপুল এলাকায় এই ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় মো. ইকবাল নামে একজনের মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়। তিনি সিমেন্টের ট্রাকে কাজ করতেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোরে সাভারের জোরপুল এলাকায় রোড ডিভাইডারের সাথে লেগে একটি তেলের লরিতে আগুন লেগে যায়। এ সময় আশপাশে থাকা ৪টি ট্রাক ও একটি প্রাইভেটকারে আগুন ছড়িয়ে পড়ে।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ মো. বাবুল জানান, মঙ্গলবার ভোরে একটি তেলের লরিতে আগুন ধরে গেলে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকারও পুড়ে যায়। এঘটনায় একজন নিহত হয়েছে।


















