জাপানের ক্লাব এফসি ইমাবারির সঙ্গে ফুটবল উন্নয়নে ত্রিপাক্ষিক চুক্তির উদ্যোগ

- সংবাদ প্রকাশের সময় : ০৬:১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের তৃণমূল ফুটবলের উন্নয়ন, খেলোয়াড় তৈরি ও কোচিং ব্যবস্থাকে এগিয়ে নিতে জাপানের পেশাদার ফুটবল ক্লাব এফসি ইমাবারির সঙ্গে ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও শামসুল হুদা ফুটবল একাডেমি।
এই চুক্তির আওতায় খেলোয়াড় ও কোচ তৈরির ধারাবাহিক কার্যক্রম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে রোববার সকালে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি এবং আশপাশের বিভিন্ন অবকাঠামোগত সুযোগ-সুবিধা পরিদর্শন করেছেন এফসি ইমাবারির দুই সদস্যের প্রতিনিধিদল।
পরিদর্শন শেষে আয়োজিত ব্রিফিংয়ে সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানান, প্রাথমিক পর্যায়ের এই পর্যবেক্ষণের ভিত্তিতে পরবর্তী সময়ে এফসি ইমাবারির একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারির শেষ দিকে সমঝোতা স্মারক স্বাক্ষরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।
কোচিং ও খেলোয়াড় বিনিময়ে গুরুত্ব
প্রস্তাবিত চুক্তি বাস্তবায়িত হলে এফসি ইমাবারির সহযোগিতায় উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা চালু, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা ও তাদের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে খেলোয়াড় বিনিময় কর্মসূচিও পরিচালনার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, জাপানের পেশাদার ফুটবল ক্লাবের সঙ্গে এ ধরনের সহযোগিতা বাংলাদেশের ফুটবলের অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় ও কোচ তৈরিতে ভূমিকা রাখতে পারে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন এফসি ইমাবারির স্পন্সর মিতসুবিশির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিরোসি উইগাকি, বাফুফের সিনিয়র গ্রাসরুট ম্যানেজার হাসান মাহমুদ, সহকারী মার্কেটিং ম্যানেজার রবিউল ইসলাম, শামসুল হুদা ফুটবল একাডেমির পরিচালক (প্রশাসন) শামসুল বারী শিমুল এবং যুগ্ম পরিচালক মাসুদুর রহমান টনি।
























