৬ আগস্ট থেকেই মানুষের ওপর জুলুম শুরু করেছে সরকার: জামায়াত আমির

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতি ভুলে গিয়ে চাঁদাবাজি, দুর্নীতি ও কমিশন-বাণিজ্যে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর দাবি, সরকার ক্ষমতা হাতে পাওয়ার পর নয়, ৬ আগস্ট থেকেই দেশের মানুষের ওপর জুলুম শুরু করেছে।
রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘আজকের বাংলাদেশ ভালো নেই। কেন ভালো নেই, এটা সবার সামনে পরিষ্কার।’ তাঁর অভিযোগ, সাড়ে ১৫ বছর নানা পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া ব্যক্তিরা ৫ আগস্টের পর সবকিছু ভুলে গেছেন। ক্ষমতার দায়িত্ব পাওয়ার পরপরই তাঁরা মানুষের ওপর নির্যাতন শুরু করেছেন।
সরকারের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, বাণিজ্য ও কমিশন-বাণিজ্যের অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, রাজনৈতিকভাবে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। বিষয়গুলো বিস্তারিত বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে উল্লেখ করে এ নিয়ে আর কথা বাড়াননি তিনি।
বক্তব্যে বিএনপির প্রধান তারেক রহমানের প্রসঙ্গও তোলেন শফিকুর রহমান। তিনি বলেন, তারেক রহমান আবু সাঈদের জন্মস্থানে গিয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে তাঁর পাশে বসা এক নেতা সংসদে দায়িত্ব নিয়ে কথা বললেও জুলাই সনদ নিয়ে তাঁর বক্তব্যে অসংগতি রয়েছে বলে অভিযোগ করেন জামায়াত আমির।
শফিকুর রহমানের ভাষ্য, ওই নেতা একসময় জুলাই সনদকে ‘অন্তহীন প্রতারণা’ বলেছিলেন। পরে সংসদে দাঁড়িয়ে বলেছেন, তাঁরা সেদিন অনেক কিছু মেনে নিয়েছিলেন, যদিও অন্য পক্ষ নির্বাচন বিলম্বিত করতে পারে। এ বক্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, জাতির সঙ্গে ‘অন্তহীন প্রতারণা’ তারাই করেছেন।
জামায়াত আমির জানান, বিগত সংসদ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রী তাঁকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, জাতীয় ঐক্যের পথে জামায়াতও রয়েছে। তবে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করার অবস্থান থেকে জাতীয় ঐক্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
তিনি বলেন, ‘এই দুটি বিষয় মেনে নিলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য আলাদা কোনো উদ্যোগের প্রয়োজন হবে না।’ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে সব পক্ষ ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারি প্রশাসনে নিয়োগ নিয়েও সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তাঁর অভিযোগ, পরিবর্তনের উল্লেখযোগ্য কোনো চিত্র দেখা যাচ্ছে না। বরং প্রশাসনের বিভিন্ন স্তরে অযোগ্য ও দুর্নীতিবাজ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের অন্যতম আকাঙ্ক্ষা ছিল দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া। কিন্তু বর্তমানে দেশ দুর্নীতি ও বৈষম্যের স্রোতে ভেসে যাচ্ছে।’
এসব অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সংসদের ভেতরে এবং বাইরে জামায়াতের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি। তবে সংসদ পুরোপুরি অকার্যকর ও অপ্রয়োজনীয় হয়ে পড়লে সেখানে থাকার যৌক্তিকতা নিয়েও ভাবতে হবে বলে মন্তব্য করেন জামায়াত আমির।

























