মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুরের পর আগুন

- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে দক্ষিণ জলিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে সকাল থেকেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ডে অবরোধ করেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দক্ষিণ জলিরপাড়ে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখাটিতে হামলা চালান। এ সময় ভবনের থাই গ্লাস ও ভেতরের আসবাবপত্র ভাঙচুর করা হয়।
একপর্যায়ে ব্যাংকের কাগজপত্র ও আসবাবপত্র বাইরে বের করে এনে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
শহিদুল ইসলাম জানান, দক্ষিণ জলিরপাড় গ্রামের টুলু বাকচীর ভাড়া দেওয়া ভবনে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখার কার্যক্রম পরিচালিত হতো।
এ ঘটনায় মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।























