যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি উঠেছে জাতীয় সংসদে। একই সঙ্গে এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতি চেয়েছেন জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান। তাঁর অভিযোগ, যুবদল নেতা নয়ন ও তাঁর সহযোগীরা রাহেদুল ইসলাম রঞ্জুকে গাড়ি থেকে জোর করে নামিয়ে একটি কক্ষে আটকে রেখে মারধর করেন। একপর্যায়ে রড দিয়ে পিটিয়ে তাঁর হাত ভেঙে দেওয়া হয়।
সংসদে নাজিবুর রহমান বলেন, সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবীর ওপর এ ধরনের হামলা ন্যক্কারজনক। হামলার সময় রাহেদুল ইসলাম বারবার নিজের পরিচয় দিয়ে বলেছেন, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য এবং বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য। এরপরও তাঁকে গাড়ি থেকে টেনে নামিয়ে একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং সুপ্রিম কোর্ট বারের অনেক সদস্য উপস্থিত রয়েছেন। এ ঘটনায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পক্ষ থেকে বিবৃতি প্রত্যাশা করেছিলেন।
নাজিবুর রহমান আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম, যে ব্যক্তি এই ঘটনার জন্য দায়ী, আমরা মবের বিরুদ্ধে কথা বলি, তাঁকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, কিন্তু তার কিছুই হয়নি।’
এ ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা নয়নকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর ভূমিকা এবং আনুষ্ঠানিক বক্তব্য প্রত্যাশা করেন জামায়াতের এই সংসদীয় দলের মুখপাত্র।



























