ভাঙ্গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দলের নেতা নিহত
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা (৩৪) নামে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। এ ঘটনার পর প্রায় সোয়া এক ঘণ্টা ঢাকা–বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে হামিরদী বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পরে রাত ৯টার দিকে তাঁরা হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মিছিল বের করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর রাত সোয়া ৯টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কে রাজু মোল্লার ওপর হামলা করা হয়। হামলাকারীরা পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয় সূত্রের দাবি।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাজু মোল্লাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ মিয়া বলেন, ‘রাজু মোল্লাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তখন আমাদের কিছু করার ছিল না।’
ফরিদপুর-৪ (ভাঙ্গা) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (বাবুল) অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা নিহত হয়েছেন। তিনি বলেন, ‘১০০–১৫০ জন আওয়ামী লীগ সমর্থক ঢাল, কাতরা, লাঠি, বল্লম নিয়ে ওই এলাকায় মহড়া দিচ্ছিলেন। তাঁরা রাজু মোল্লার ওপর হামলা করেন। খবর পাওয়ার পর কৃষক দলের লোকজন গিয়ে তাঁদের হটিয়ে দেয়।’
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) রায়হান গফুর বলেন, নিহতের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাঁর ভাষ্য অনুযায়ী, রাত ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত ঢাকা–বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।






















