ইসিবি চত্বরে হামলার ঘটনায় চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে প্রশ্ন নাহিদ ইসলামের

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
রাজধানীর ইসিবি চত্বরসংলগ্ন একটি আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানতে চান, “প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের মতো দুঃসাহস কারা দেখাতে পারে?”
পোস্টে নাহিদ ইসলাম লেখেন, জুলাই আন্দোলনের সময়ের সহযোদ্ধা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে রাতের আঁধারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চাঁদা দাবি অথবা সম্পত্তি দখলের অভিযোগ সামনে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এবার একই ধরনের ঘটনা ঘটেছে রাজধানীর ইসিবি চত্বরের কাছে। তার প্রশ্ন, “আইন-আদালতের সুযোগ থাকা সত্ত্বেও আইনি পথ বাদ দিয়ে এ ধরনের কর্মকাণ্ড কীসের ইঙ্গিত দিচ্ছে?”
নাহিদ ইসলাম আরও বলেন, কোনো স্থাপনা অবৈধ হলে বা কেউ কোনো সম্পত্তি দখল করে রাখলে তা উদ্ধারে আইনগত প্রক্রিয়ার সুযোগ রয়েছে। কিন্তু আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
তার অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ উঠছে। তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে।
পোস্টে তিনি আরও লেখেন, এসব বিষয়ে সরকারের কাছে বিচার চাওয়া অর্থহীন মনে হলেও চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছেন তারা।
এর আগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ইসিবি চত্বরের কাছে একটি আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। একই সময়ে রাজধানীর একটি স্টুডিওতে হামলার ঘটনাও আলোচনায় আসে।


























