রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট, দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, মধ্যরাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। তাঁর দাবি, মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে হামলা চালানোর পর সেটি গুঁড়িয়ে দেয়।
তিনি আরও বলেন, ‘ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর।’ রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গুঁড়িয়ে সেখানে ‘রহস্যজনক’ একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়ার অভিযোগও করেন তিনি।
প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জামায়াত আমির বলেন, ঘটনার পেছনে কারা রয়েছে, তা খুঁজে বের করা প্রয়োজন। তাঁর ভাষ্য, জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগকে এভাবে নিশ্চিহ্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সরকারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকারের সঙ্গে এ ধরনের ঘটনার সাংঘর্ষিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
পোস্টের শেষাংশে ডা. শফিকুর রহমান বলেন, দুষ্কৃতিকারীদের অবশ্যই শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।





















