ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দেশে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন আরও একজন।
একদিনে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)। এ সময়ে এ বিভাগে ২৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ২৪১, চট্টগ্রাম বিভাগে ২০৯, বরিশাল বিভাগে ২০৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬, ময়মনসিংহ বিভাগে ১১২, রাজশাহী বিভাগে ৫৭ এবং রংপুর বিভাগে ৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের দুই সিটি করপোরেশনসহ ১০৫ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া খুলনা বিভাগে ৩৭, চট্টগ্রাম বিভাগে ২১, ময়মনসিংহ বিভাগে ২০, বরিশাল বিভাগে ১৬, রাজশাহী বিভাগে ১০, রংপুর বিভাগে চার এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।






















