টাঙ্গাইলে নিহত ১৪ বাস-মিনিবাস মালিকের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা

- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে নিহত ১৪ জন বাস ও মিনিবাস মালিকের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান ও সম্মাননা প্রদান করেছে টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতি।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল জেলা বাস টার্মিনালে মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে অনুদান তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রয়াত মালিকদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়।
টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির সদস্য সচিব নিলুফা ইয়াসমিন খান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সমিতির যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক ও সৈয়দ জাদিদুল হক জাদিদ, টাঙ্গাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোমিনুল হক খান নিক্সন, বাসকোস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিনুল হক লাভলু এবং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শামসুল আলম।
অনুষ্ঠানে বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ, পরিবহন মালিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা প্রয়াত বাস-মিনিবাস মালিকদের অবদানের কথা স্মরণ করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।
























