সুলতান সালাউদ্দিন টুকু
অপ-সাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে

- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
অপ-সাংবাদিকতা রোধে প্রকৃত সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, একটি দেশের উন্নয়ন, সুশাসন ও জনসচেতনতা গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ দায়িত্ব পালনের ক্ষেত্রে অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সাপ্তাহিক ‘সময় তরঙ্গ’-এর শুভ উদ্বোধন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সংবাদপত্র একটি দেশের দর্পণের মতো। সমাজের বিভিন্ন অসঙ্গতি ও ত্রুটি-বিচ্যুতি তুলে ধরার পাশাপাশি মানুষকে সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করা এবং একটি নিয়মতান্ত্রিক সমাজ গঠনে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, “সাপ্তাহিক ‘সময় তরঙ্গ’-এর নতুন যাত্রা নিঃসন্দেহে আনন্দের। আমরা আশা করি, পত্রিকাটি সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার ভিত্তিতে সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবে।”
গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। সাংবাদিক সমাজ নিজেদের নেতৃত্ব নিজেরাই নির্বাচন করবে এবং সরকার তাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করবে।
টাঙ্গাইলের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐতিহ্য ও সম্ভাবনায় সমৃদ্ধ এ জেলাকে আরও এগিয়ে নিতে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে সবাইকে নিয়ম-শৃঙ্খলা মেনে চলা এবং অনিয়মের মানসিকতা পরিহারের আহ্বান জানান তিনি।
সাপ্তাহিক ‘সময় তরঙ্গ’-এর সম্পাদক ও প্রকাশক মো. রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ, ঢাকার মহাসচিব জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা এবং টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।




















