রুহুল কবির রিজভী
১৭ বছরের সংগ্রামেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল

- সংবাদ প্রকাশের সময় : ০৬:১০:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২০ বার পড়া হয়েছে
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ১৭ বছরের ধারাবাহিক ও রক্তঝরা আন্দোলনের মধ্য দিয়েই ছাত্র-জনতার অভূতপূর্ব গণজাগরণের ভিত্তি তৈরি হয়। তাঁর ভাষ্য, ২০২৪ সালের জুলাইয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে যে অভিনব প্রতিরোধ ও প্রতিবাদের ইতিহাস সৃষ্টি করেছে, তা জাতি চিরদিন স্মরণ করবে।
তিনি বলেন, অসংখ্য ছাত্র-ছাত্রী, কিশোর-কিশোরী এবং সাধারণ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে একটি ‘দানবীয় ফ্যাসিবাদী শাসনের’ পতন ঘটে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর জনগণের প্রত্যাশা ছিল বাক্স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, নাগরিক অধিকার এবং নিরাপদে চলাচলের নিশ্চয়তা।
রিজভীর দাবি, এসব গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বেগম খালেদা জিয়া ও পরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দীর্ঘ ১৭ বছর আন্দোলন চালিয়ে এসেছে। সেই আন্দোলনের ধারাবাহিকতাতেই ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থানের বিস্ফোরণ ঘটে।
তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলনের চূড়ান্ত পরিণতি ঘটে ৫ আগস্ট, যেদিন স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের অবসান হয়। এ কারণে জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়কে একটি ধারাবাহিক গণঅভ্যুত্থানের সময়কাল হিসেবে বিবেচনার বিষয়টি সামনে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
রিজভী জানান, গত বছরের মতো এবারও জুলাই-আগস্টের আন্দোলনের স্মরণে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচিকে আরও সুসংগঠিতভাবে বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৪ আগস্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
তিনি জানান, ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

























