সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।
এর আগে একই দিন সকালে সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানার একটি মামলায় আদালতে হাজিরা দেন লতিফ সিদ্দিকী। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি ১০ নম্বর আসামি এবং পুলিশ গ্রেপ্তার না করলে আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের পরিকল্পনা ছিল তার।
গত সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। একই সঙ্গে মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।
এই মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ মোট ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আসামিদের তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, শামসুল হক টুকু, হাসানুল হক ইনু, শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আওয়ামী লীগের সাবেক একাধিক মন্ত্রী ও নেতা।
এ ছাড়া সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বেনজীর আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের কয়েকজন সাবেক কর্মকর্তা, সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিকেও এ মামলার আসামি করা হয়েছে।
এর আগে এ মামলায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, লেখক শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।
উল্লেখ্য, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী জুলাই অভ্যুত্থানের পর গত বছরের আগস্টে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠান থেকে গ্রেপ্তার হয়েছিলেন। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় জামিন পেলেও সেই মামলায় নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছিলেন।





















