চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

- সংবাদ প্রকাশের সময় : ০৩:০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
‘Drug Problem, Persisting Issues, New Challenges, Innovative Responses’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬।
শুক্রবার (২৬ জুন) জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী র্যালি, মানববন্ধন, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, লিফলেট ও ফেস্টুন বিতরণ, সচেতনতামূলক প্রচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ এবং বিশেষ মাদকবিরোধী অভিযানের আয়োজন করা হয়। নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন রোগী ও রিকোভারিদের অংশগ্রহণে দেয়াল লিখন, ক্যারাম প্রতিযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ও অনুষ্ঠিত হয়।
দিবসের মূল আয়োজন ছিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দিন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেরাজ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনসিউর রহমান ও পাবলিক প্রসিকিউটর মো. আব্দুল ওদুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।
স্বাগত বক্তব্যে উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জেলার মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে মাদকমুক্ত সমাজ গঠনে জনসম্পৃক্ততার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও ধর্মীয় মূল্যবোধকে শক্তিশালী করার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত মাদকবিরোধী কমিটিগুলোকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, মাদক একটি নীরব ঘাতক, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইন-শৃঙ্খলা বাহিনী, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ ছাড়া মাদক প্রতিরোধ সম্ভব নয়।
অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


















