ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকরা
- সংবাদ প্রকাশের সময় : ০২:৩১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ২০৭ বার পড়া হয়েছে
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকরা ছয় দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। রোববার (৭ জুন) সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।
ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ)-এর যশোর মেডিকেল কলেজ শাখার ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে ইন্টার্ন চিকিৎসকরা বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দেন এবং দ্রুত সমাধানের আহ্বান জানান।
কর্মসূচিতে সংগঠনের সভাপতি ডা.মেরাজ আল মান্না এবং সাধারণ সম্পাদক ডা. মেজবা আল জামান বলেন, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন বাস্তবায়ন করতে হবে।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—
- কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন বাস্তবায়ন।
- জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণ।
- ট্রেইনি চিকিৎসকদের বেতন প্রথম বা নবম গ্রেডের সমপর্যায়ে নির্ধারণ।
- বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর পরীক্ষার ফি কমিয়ে এক হাজার টাকা করা।
- বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা সাধারণ প্রার্থীদের তুলনায় দুই বছর বেশি রেখে ৩৪ বছর বহাল রাখা।
- বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন অনুযায়ী সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন।
চিকিৎসক নেতারা জানান, দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে তাদের কর্মসূচি চলবে। তবে জরুরি স্বাস্থ্যসেবা চালু রাখার বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
























