স্থানীয় সরকার নির্বাচন, অক্টোবরে ভোটের পরিকল্পনা
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, চলতি জুন মাসের মধ্যেই প্রয়োজনীয় বিধিমালা ও আচরণবিধি হালনাগাদ করা হবে। এরপর আগস্টের শেষ দিকে তফসিল ঘোষণা করে অক্টোবরে প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।
ঈদের ছুটি শেষে সোমবার (১ জুন) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়েছে, সরকারের নির্দেশনা পাওয়া মাত্র নির্বাচন আয়োজনের সক্ষমতা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি দ্রুত শেষ করতে হবে।
নির্বাচন কমিশনের একাধিক সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে অক্টোবরে ভোট আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হলেও পরিস্থিতি অনুযায়ী সময়সূচিতে কিছু পরিবর্তন আসতে পারে। তবে বর্তমানে কমিশন সেই লক্ষ্য ধরেই কাজ এগিয়ে নিচ্ছে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নির্ধারণে স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হলেও কমিশনের প্রস্তুতি অব্যাহত রয়েছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, অক্টোবরে নির্বাচন আয়োজন করতে হলে আগস্টের শেষ দিকে তফসিল ঘোষণা করতে হবে। সরকারের অনুমোদন পেলেই কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, জুন ও জুলাইয়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে, যাতে আগস্ট থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করা যায়।
এ সময় সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে জাতীয় সংসদ নির্বাচনের চেয়েও বেশি সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হবে। ভোটের মান ও স্বচ্ছতার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রথমে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এরপর ধাপে ধাপে সিটি করপোরেশন, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের ভোট আয়োজন করা হবে। সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করতে প্রায় ১০ থেকে ১২ মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনকে নির্দলীয় ভিত্তিতে পরিচালনার লক্ষ্যে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের বিধিমালা এবং আচরণবিধি সংশোধনের কাজ চলছে। আগামী ১৫ জুনের মধ্যে খসড়া বিধিমালা জনমতের জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ১২টি সিটি করপোরেশন, ৪৫০টির বেশি উপজেলা পরিষদ, ৩০০-এর বেশি পৌরসভা এবং ৬১টি জেলা পরিষদে নির্বাচন আয়োজনের সুযোগ রয়েছে। পাশাপাশি প্রায় ৬০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী অক্টোবরের মধ্যে আয়োজনের আইনি বাধ্যবাধকতাও রয়েছে।






















